বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ড্রোন-সিসিটিভি নজরদারিতে যাচ্ছে বিএসএফ

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০১:১৩ পিএম

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পূর্ণকালীন মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে রাকেশ আস্থানা বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে প্রযুক্তিভিত্তিক নজরদারি আরও উন্নত করছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ৪৩৬টি ড্রোনের পাশাপাশি অ্যান্টি-ড্রোন সিস্টেমের অনুমোদন দেয়া হয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে ড্রোনের মাধ্যমে যেন কোনো হামলা হতে না পারে সেজন্য এই ব্যবস্থা।

অন্যদিকে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট (সিআইবিএম) পরিকল্পনার অধীনে বাংলাদেশ-পাকিস্তান সীমান্তের ১৯২৩টি ফাঁড়িতে সেন্সর, সিসিটিভি এবং ড্রোন ফিড বসানো হবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে সিকিউরিটি এজেন্সির সহায়তায় এই মুহূর্তে অ্যান্টি-ড্রোন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। প্রজেক্টে ৮৮ কোটি রুপি খরচ করা হবে।

ভারতের দাবি, গত বছর পাকিস্তান চীনের ব্যবসায়িক ড্রোন ব্যবহার করে পাঞ্জাবের জঙ্গিদের কাছে অস্ত্র সরবরাহ করেছে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের। প্রায় প্রতিদিন জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এর ভেতর চীন সীমান্তেও যুদ্ধে জড়ায় দুই দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত