চট্টগ্রামের বনাঞ্চলে হাতির অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন ও তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক সোমবার ‘জনস্বার্থে’ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সচিব, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে বিবাদী করা হয়েছে ওই রিট আবেদনে।
মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে বলে রিটকারী আইনজীবী জানান।
আইনজীবী মনোজ কুমার ভৌমিক গণমাধ্যমকে বলেন, চা বাগান রক্ষার জন্য দেয়া বেড়ার বিদ্যুতের তারে জড়িয়ে, গুলিতে এবং নানা অসুখ-বিসুখে গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে বলে গতকাল রবিবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে এসেছে। যার মধ্যে ২২টি হাতি মারা গেছে বার্ধক্যজনিত জটিলতায়। তবে দুঃখজনক বিষয় হল, ২২টি হাতির বাইরে এতগুলো হাতির মৃত্যুর বিষয়ে কোনো তদন্ত হয়নি। কেবল দুইটি হাতির মৃত্যু নিয়ে মামলা হয়েছে। তাই তদন্ত না হওয়া বাকি ৮৪টি হাতির মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। এবং ৮৪টি হাতির মৃত্যুতে সংশ্লিষ্টদের অবহেলার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে এ রিটে।
