সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামে চুরির অপবাদ দিয়ে স্বামী ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নির্যাতনে আহত গৃহবধূ নাসিমা বেগমের (৩৮) মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন স্বামী নাজের শেখ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর পরিবারের বরাত দিয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, পাট চুরির অভিযোগ তুলে সোমবার বিকেলে মহান্দী বাজারে নাজের শেখকে বেদম মারধর করেন তার প্রতিবেশীরা। মারধরের কারণ জানতে চান এবং প্রতিবাদ করেন স্ত্রী নাসিমা।
এতে প্রতিবেশী মিন্টু মোড়লসহ মনিরুল মোড়ল ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম ও তার দু’বোন আমেনা ও জামেলা বেগম ক্ষিপ্ত হয়ে নাসিমা বেগমের মাথায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
এ সময় এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় নাসিমা বেগমকে উদ্ধার করে মহান্দী বাজারের গ্রাম্য ডাক্তার শহিদুল মোল্যার কাছে চিকিৎসা করাতে নিয়ে যান। এখান থেকে বাড়ি আনার পর মঙ্গলবার সকালে নাসিমা বেগম মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবির ও তালা থানার ওসি মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
