করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের বাকি সময়টাতেও ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
যদিও আগামী মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য বালিসহ ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলো খুলে দেওয়া হতে পারে জানানো হয়েছিল। সে পরিকল্পনা থেকে সরে আসলো তারা।
এই সিদ্ধান্ত দেশটির পর্যটন শিল্পের জন্য আরও বড় ধাক্কা হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি বছর বালির সৈকতগুলোতে সাড়া বিশ্ব থেকে কয়েক লাখ পর্যটক বেড়াতে আসে। তাদের এই আগমন ওই অঞ্চলের মানুষজনের আয়ের অন্যতম উৎস। কিন্তু চলমান করোনাভাইরাস সংকটের কারণে খাঁ খাঁ করছে সৈকতগুলো।
মহামারির মধ্যে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে জুলাইয়ের পর থেকে নিজেদের দেশের জনসাধারণের জন্য পর্যটন কেন্দ্রগুলো আবার চালু করা হয়েছে। কিন্তু বিদেশি পর্যটক না থাকায় শূন্য পড়ে আছে হোটেলগুলো। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মালিকেরা।
এদিকে, সোমবার ইন্দোনেশিয়া করোনাভাইরাসে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪ হাজার ৫৭৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার; মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৯ জন।
