আন্তর্জাতিক দাতা প্রতিষ্ঠান ‘টুয়েন্টি ফোর আওয়ারস রেইস’ আয়োজিত সামাজিক উন্নয়নে সবচেয়ে ‘সৃজনশীল স্টার্টআপ’ প্রতিযোগিতা জিতে নিয়েছে পাঁচ বাংলাদেশি তরুণী। বিজয়ী দল হিসেবে নিজেদের দেওয়া স্টার্টআপ বাস্তবায়নে তারা পাচ্ছে ২০ হাজার হংকং ডলার।
হংকং ভিত্তিক প্রতিষ্ঠানটির তিন মাস ধরে চলা এই প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয় ১৮ আগস্ট।
বিজয়ী পাঁচ তরুণীর চৌকস দলটির সদস্যরা হলেন- কলেজ পড়ুয়া সেবন্তী খন্দকার, রামিসা কবির, রাইদা সিদ্দিকী, রায়ান খান ও সেজাল রহমান।
সেবন্তীদের প্রোজেক্টের নাম রিলিফ তথা স্বস্তি। তাদের প্রজেক্ট এর মূল উদ্দেশ্য ইট-কাঠের শহরের মাঝে বাগান করার স্বপ্ন। যে স্বপ্নে জড়িত হতে পারবে সমাজের সকল স্তরের মানুষ। নিশ্চিত করবে শহর বাগানের বিভিন্ন সমাধান, যা হবে ব্যবহারিক দিক থেকেও সহজ।
দলটির প্রণীত মোবাইল অ্যাপের মাধ্যমে সংযুক্ত হবে এবং বিভিন্ন সুবিধা সুবিধাদি গ্রহণ করবে। তৈরি হবে এক ধরনের শহুরে কৃষি সমাজ, যেখানে থাকবে কৃষক ও সাধারণ জনগণের মেলবন্ধন।
এর পাশাপাশি গোড়াপত্তন হবে বৈষয়িক জলবায়ু পরিবর্তনের বিপরীতে এক ধরনের সহনশীলতার প্রয়াস। তারা তাদের প্রোজেক্টের নাম দিয়েছেন রিলিফ তথা ‘স্বস্তি’ বা ‘পরিত্রাণ’।
এবারের এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে শুধু ১০টি দেশ পৌঁছতে পারে। এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অনেকে। ছিল স্বনামধন্য অক্সফোর্ড থেকে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা। এমনকি যুক্তরাজ্যের একটি প্রতিযোগী দলের সহযোগিতায় ছিলেন হাউস অব লর্ডসের সদস্য একজন ব্যারননেসও।
‘টুয়েন্টি ফোর আওয়ারস রেইস’ প্রায় এক দশক ধরে সামাজিক উন্নয়নকল্পে কাজ করে আসছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় যুব উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যারা আধুনিক যুগের দাসত্ব নির্মূল করার উদ্দেশ্যে কাজ করছে। তাদের এই কার্যক্রমের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের প্রায় ১ লাখ ৫ হাজার জন সরাসরি জড়িত। প্রায় আড়াইশ’ স্কুল সম্পৃক্ত।
