রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে সিএনজি চালিতো অটোরিকশার ধাক্কায় সাইদুল রহমান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মোতালেব হোসেন জানান, বেগুনবাড়ি এলাকার বাসিন্দা সাইদুল পিকআপ ভ্যানের হেলপারের কাজ করতেন।
সন্ধ্যায় তারা দুজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন মোতালেব। বেগুনবাড়ি ফ্লাইওভার ঢালে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইদুল ছিটকে পড়ে গুরুতর আহত হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশের ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
