শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হাওলাদারের বিরুদ্ধে পুলিশকে পিটিয়ে ভাইকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার বিকেলে পুলিশ ইউনিয়নের চিকন্দী এলাকায় একটি মামলার তদন্ত করতে গেলে চেয়ারম্যান এ ঘটনা ঘটান বলে জানিয়েছে পুলিশ।
চিকন্দী পুলিশ ফাঁড়ির ওসি ফারুক আহমেদ বলেন, পালং থানার নির্দেশে একটি অভিযোগের তদন্ত করতে ওই এলাকায় গেলে আমার উপস্থিতিতেই চেয়ারম্যানের ভাই মোজাম্মেল হাওলাদার বাদিনীকে মারধর করে। এ সময় চেয়ারম্যানের ভাইকে গ্রেপ্তার করতে গেলে চেয়ারম্যান আমার সঙ্গে ধস্তাধস্তি করে ও এসআই জ্যোতির্ময়কে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।
তবে, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার পুলিশকে পিটিয়ে ভাইকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের সঙ্গে আমাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং পুলিশকে সহায়তা করতে গিয়ে উল্টো আমি ফেঁসে গেছি। পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, একটি মামলার তদন্ত করতে গেলে চেয়ারম্যান ও তার ভাইয়েরা মিলে পুলিশকে মারধর করে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
