বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা এবং নবায়ন না করার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে ৭টি ও রামগঞ্জে ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মৌখিক নির্দেশনায় বন্ধ করে দিয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফফার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত সোমবার ও গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন। এ সময় অধিকাংশ হাসপাতালের ট্রেড লাইসেন্সসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও নবায়ন না থাকা এবং ডিপ্লোমা নার্স না থাকাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় রামগঞ্জ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মানিক এক্সরে অ্যান্ড প্যাথলজি সেন্টার, সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করা হয়।
এ ছাড়া রায়পুর উপজেলার মেহেরুন্নেসা হসপিটাল, জনসেবা হসপিটাল, ম্যাক্সকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মা ও শিশু হসপিটাল রায়পুর, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন হসপিটাল, মেঘনা হাসপাতালসহ ৭টি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে স্বাস্থ্যসেবা বিভাগের লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গফফার ও রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বাহারুল আলম, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার এ সময় উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বলেন, আমরা চাচ্ছি, সেবামূলক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিয়মে চলুক।
