ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আমুয়ার বাসিন্দা ভুক্তভোগী ওই তরুণী মামলাটি করেন। ধর্ষণে সহযোগিতার অভিযোগে উপজেলার জাঙ্গালিয়া এলাকার মিঠু সিকদার নামে একজনকে আসামি করা হয়।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে অভিযোগ তদন্ত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, ওই তরুণী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান। মনির তখন তাকে প্রথমে প্রেমের ও পরে বিয়ের প্রস্তাব দেন। পরে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বরিশাল নগরীর আগরপুর রোডের একটি ভাড়া বাসায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
আজাদ আরও বলেন, মামলাটি করার পর ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে অভিযোগ তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ওসিকে ৪ অক্টোবর প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনির মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ ওই তরুণীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করিয়েছে।
