উখিয়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:১৫ এএম

কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আকতার, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম, কনস্টেবল মো. সুমন ও এএসআই মো. শামীমের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী এক কলেজছাত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ তিনি মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একরামুল হুদা নিশ্চিত করেছেন।

মামলায় আর্জিতে উল্লেখ করা হয়, উখিয়া থানার সাবেক কনস্টেবল মো. সুমনের (বর্তমানে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই কলেজছাত্রীর। এ সুবাদে বিয়ের কাবিনের কথা বলে গত ৭ জুলাই দুপুর ২টার দিকে খুনিয়াপালং চেকপোস্টসংলগ্ন তার কক্ষে নিয়ে যায়। কাজি আসার অপেক্ষার অজুহাতে কক্ষে বসিয়ে রাখে। পরে ধর্ষণ করে। এরপর চেকপোস্টের পার্শ্ববর্তী একটি দোকানে বসিয়ে রেখে জরুরি কাজের বাহানা দিয়ে পালিয়ে যায়। রাত ১১টার দিকে বিষয়টি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোনে জানান ভুক্তভোগী কলেজছাত্রী। তার কথামতো থানায় গেলে অকথ্য ভাষায় গালমন্দ ও মোবাইল ফোন কেড়ে নেন ওসি মর্জিনা। এরপর অভিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তার সহযোগিতায় তাকে কক্ষে আটকে রেখে মারধর ও নির্যাতন চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত