প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। কিন্তু সেই ভ্যাকসিন নিয়ে অনেক দেশ ও বিশেষজ্ঞদের সন্দেহ থাকলেও তা পেতে রুশ সরকারের সঙ্গে চুক্তি করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান।
বুধবার কাজাখস্তান সরকার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে তারা ভ্যাকসিনের কী পরিমাণ ডোজ কিনতে যাচ্ছে বা এর মূল্য কত এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
তবে এই ভ্যাকসিন করোনার ঝুঁকিতে থাকা কাজাখ জনগণের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হবে বলে সরকার থেকে জানানো হয়েছে।
রাশিয়া তাদের করোনাভাইরাসের ভ্যাকসিনটির নাম দিয়েছে সোভিয়েত ইউনিয়নের সময় প্রথম উৎক্ষেপণ করা স্যাটেলাইট ‘স্পুতনিক-ভি’ এর নামে। রুশ সরকারের দাবি, করোনা মোকাবিলায় এই ভ্যাকসিন খুবই কার্যকরী।
কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনটি অনুমোদন দেওয়ার আগে মানুষের শরীরে পর্যাপ্ত ট্রায়াল সম্পন্ন করেননি রাশিয়া।
এসব সমালোচনার মুখে গত সপ্তাহে এই ভ্যাকসিন প্রকল্পে থাকা রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, মনুষ্য শরীরে বৃহৎ পরিসরে ভ্যাকসিনটির ট্রায়াল চালানো হবে। তাতে ৪০ হাজার স্বেচ্ছাসেবী নিযুক্ত থাকতে পারে।
