রিফাত হত্যা মামলা: মিন্নিসহ ৯ আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক শুরু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৫:৪০ পিএম

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষীদের দেওয়া সাক্ষ্যের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এ সময় মামলার সাক্ষী থেকে আসামি হয়ে জামিনে থাকা নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিল।

বুধবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের এজলাসে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। প্রথম দিনেই রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের যৌক্তিকতা তুলে ধরেন। এছাড়াও ঘটনার দিন ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য, আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন নারী ও শিশু আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল।

এর আগে সকাল ১০টায় বরগুনা জেলা কারাগার থেকে রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপরই আদালতে হাজির হয় এ মামলায় সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। রাষ্ট্রপক্ষ আসামিদের উপস্থিতিতেই যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আদালতের বিচারক দুপুর ১টার সময় আদালতের কার্যক্রম বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার বলেন, আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আরও বেশ কিছু বিষয় আছে সেগুলোর ওপর বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন করব। রবিবার আসামি পক্ষের আইনজীবীদের রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক খণ্ডন করে বক্তব্য উপস্থাপনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত এবং বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত