বিয়ানীবাজারে করোনায় বৃদ্ধা ও কিশোরীর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৮:২৪ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে এক বৃদ্ধা ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।

এরা হলেন- উপজেলার বাঘেরটিলা গ্রামের বিলাতুন নেছা (৬০) ও চারখাই পইলগ্রামের মুহিবুর রহমানের মেয়ে বুশরা বেগম (১৭)।

এদের মধ্যে বুশরা বুধবার দুপুরে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এবং বিলাতুন নেছা গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে মারা যান। গত ৬ আগস্ট বিলাতুন নেছার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আর বুশরা বেগমের শরীরের গত সোমবার করোনা শনাক্ত হয়।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চয়ন রায় জানান, কিশোরী বুশরা করোনার পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত ছিল। বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

বুশরার স্বজনদের উদ্ধৃত করে চয়ন রায় আরও জানান, বুশরা সর্দি-কাশিতে আক্রান্ত হলে গত সোমবার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলে বুধবার সকালে তাকে শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত