বঙ্গবন্ধু কর্নারের বই জালিয়াতি তদন্ত করবে সংসদীয় কমিটি

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১১:১২ পিএম

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর জন্য বই কেনা নিয়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ঘটনা তদন্তের জন্য কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির অন্য সদস্যরা হলেন- আলী আজম, শিরীন আখতার ও মো. মোশাররফ হোসেন।

এ বিষয়ে শিরীন আখতার দেশ রূপান্তর বলেন, বৈঠকে আমি বলেছি এভাবে দুর্নীতি হতে থাকলে শিক্ষাঙ্গনে এর প্রভাব পড়বে। সুতরাং এভাবে দুর্নীতি প্রশ্রয় দেয়া যাবে না। এ সময় কমিটির অন্য সদস্যরা বঙ্গবন্ধু কর্নারের বই জালিয়াতির প্রমাণ পেলে দোষীদের ছাড় দেয়া হবে না বলে একমত পোষণ।

সম্প্রতি দেশের ৬৫ হাজার ৭০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নারে’ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিয়ে ৩৯টি সিরিজের বই কেনার অনুমতি দেওয়া হয়। এ জন্য বরাদ্দ দেওয়া হয় ১৩০ কোটি টাকা। সেখান থেকে আপাতত ৩০ কোটি টাকার কেনা হচ্ছে আটটি সিরিজের বই।

অভিযোগ উঠেছে, এই বই সরবরাহের নামে ১৭ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিচ্ছে প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড। এছাড়া স্বাধীকা পাবলিশার্স নামের একটি প্রকাশনা হাতিয়ে নিচ্ছে আরও ৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা। এই দুটি প্রকাশনা সংস্থা নাজমুল হোসেন নামের এক ব্যক্তির, যিনি একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

জানা যায়, প্রকল্পের মোট ২৮ কোটি ৭৮ লাখ ১২ হাজার ২০০ টাকার মধ্যে ২০ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা ওই দুই প্রতিষ্ঠানের নামে পাচ্ছেন নাজমুল হোসেন। দুই প্রকাশনা সংস্থার নামে তিনটি বই সরবরাহ করা হচ্ছে, যার সবগুলো নিয়েই অভিযোগ উঠেছে। জার্নি মাল্টিমিডিয়ার নামে সরবরাহ করা হচ্ছে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং বঙ্গবন্ধুর সমগ্র কারাজীবন নিয়ে ‘৩০৫৩ দিন’ নামের বই দুটি। আর স্বাধীকা পাবলিশার্স থেকে সরবরাহ করা হচ্ছে ‘অমর শেখ রাসেল’ বইটি।

এর মধ্যে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটি প্রথম প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আর ‘৩০৫৩ দিন’ প্রকাশ করেছিল কারা অধিদপ্তর। সেই বই এখন জার্নি মাল্টিমিডিয়ার নামে প্রকাশ করে ১৭ কোটি টাকার বেশি পাচ্ছেন নাজমুল হোসেন। আর ‘অমর শেখ রাসেল’ বইটি স্বাধীকা পাবলিশার্স প্রথম প্রকাশ করলেও এর সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরীন আহমেদকে না জানিয়েই তা প্রকাশ এবং বঙ্গবন্ধু কর্নারে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইয়ের সম্পাদক অমিতাভ দেউরীও তাকে না জানিয়ে বইয়ের দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ প্রকাশ এবং বইয়ের ক্রেডিট লাইনে পরিবর্তন আনার অভিযোগ করেছেন।

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদীয় কমিটির বৈঠকে ই-প্রাইমারি, স্কুল মনিটরিং ও ব্র্যান্ডিংয়ের বিষয়ে বছরভিত্তিক একটি পরিসংখ্যান মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। করোনাভাইরাস মহামারিকালে বিদ্যালয়ের শিক্ষকদের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনার খোঁজখবর নেওয়ার এবং পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আরও সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও মোশারফ হোসেন অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত