‘আবুধাবি থেকে ফেরত আসাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা চলছে’

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১১:৫৩ পিএম

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, সম্প্রতি আবুধাবির বিমানবন্দর থেকে ফেরত আসা ১১২ জন প্রবাসী বাংলাদেশির ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এজন্য পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। আবুধাবি ইমিগ্রেশন বিভাগের পলিসির হঠাৎ পরিবর্তন ও কিছু অসচ্ছতার কারণে তারা সেখানে প্রবেশ করতে পারেননি। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

বেবিচক চেয়ারম্যান জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই ঘটনা প্রসঙ্গে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।

বেবিচক চেয়ারম্যান বলেন, ১০ আগস্ট আবুধাবির ইমিগ্রেশন বিভাগ তাদের পলিসি পরিবর্তন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, যাদের ভিসার মেয়াদ আছে বা নেই তারা আবুধাবি ঢzকতে পারবেন। তবে ১৩ আগস্ট তারা তাদের সেই পলিসিতে আবারও পরিবর্তন আনে। সংশোধিত পলিসিতে তারা বলে, আবুধাবিতে প্রবেশের জন্য প্রবাসীদের দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) অনুমোদন লাগবে। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সেদেশে প্রবেশের অনুমোদন আছে কি না, সেটি চেক করার জন্য একটি ওয়েব পোর্টালের অ্যাড্রেস দেয়। তবে এই নির্দেশনাটি প্রবাসী যাত্রী ও বিমান সংস্থা মিস করে গেছে। তাই তারা দেশটিতে প্রবেশ করতে পারেননি।

তিনি আরও বলেন, যাত্রীদের ফেরত পাঠানো কিংবা কী করলে প্রবাসী বাংলাদেশিরা সেদেশে ঢুকতে পারবেন সে বিষয়ে আবুধাবি ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়নি। এছাড়া এয়ার এরাবিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের কাছে সমাধান জানতে চাইলেও আবুধাবি ইমিগ্রেশন তাদের কোনো সদুত্তর দেয়নি।

মো. মফিদুর রহমান জানান, গত ১৪ ও ১৬ আগস্ট বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরত পাঠায় আবুধাবি। এ ঘটনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, যাত্রী ফেরতের ঘটনায় এয়ারলাইনসেরও ছোট ভুল ছিল। বোর্ডিং পাস দেওয়ার জন্য এয়ারলাইনসকে চারটি ধাপ সম্পন্ন করতে হয়। আবুধাবি থেকে বোর্ডিং পাসের ক্লিয়ারেন্সের জন্য বাংলাদেশি এয়ারলাইনসের চেক-ইন কাউন্টারে থাকা কর্মকর্তাদের ‘বিজিডি’ কোড এন্ট্রি দিতে হয়। তবে পলিসি পরিবর্তনের কারণে ‘বিজিডি’ কোড দেওয়ার পরেও বোর্ডিং পাস আসেনি। তখন বিমান প্রতিষ্ঠানের কর্মকর্তারা ‘বিজি’ কোড টাইপ করার সঙ্গে সঙ্গে বোর্ডিং পাস চলে আসে। তবে ‘বিজি’ কোডটি ছিল বুলগেরিয়ার জন্য। তাই বুলগেরিয়ার নাগরিক ভেবে সিস্টেম থেকে পাস ইস্যু হয়েছে।

তিনি আরও বলেন, আবুধাবির হঠাৎ পলিসি পরিবর্তন ও পরিবর্তিত পলিসিতে কিছু অস্পষ্টতা থাকার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ার এরাবিয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের মতো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যাত্রীদেরও একইভাবে ফেরত দেওয়া হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, এই ঘটনা নিয়ে কয়েকটি সুপারিশ দিয়েছে কমিটি। সুপারিশগুলো হচ্ছে– পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্ব স্ব দেশের দূতাবাসগুলোতে সেদেশের সর্বশেষ পলিসিগুলো থাকা; প্রবাসীদের জন্য হালনাগাদ তথ্য ও তাদের যাত্রা নির্বিঘ্ন করতে একটি অনলাইন পোর্টাল খুলে সেখান থেকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া; ত্রুটির বিষয়ে আবুধাবির দূতাবাস কর্তৃক অধিকতর তদন্ত করা, কারণ তদন্ত কমিটি আবুধাবি ইমিগ্রেশন থেকে তথ্য চাইলেও তারা কোনো তথ্য জানায়নি।

এছাড়া ফেরত ১১২ জনকে টিকিট, কভিড-১৯ টেস্ট খরচসহ সরকারি ব্যবস্থাপনায় আবুধাবি পাঠানো, দেশে অবস্থানরত অন্যদের জরুরিভিত্তিতে আবুধাবি পাঠানোর উদ্যোগ গ্রহণ এবং বিমান সংস্থা ও কল্যাণ ডেস্কের মধ্যে তথ্যপ্রবাহ বৃদ্ধির সুপারিশও করেছে কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত