প্রকৃতি বিনাশী প্রকল্প বাতিল করে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বুধবার ফুলবাড়ীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভা থেকে এই আহ্বান জানান কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। সভায় অবিলম্বে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নেরও দাবি জানানো হয়।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী আন্দোলনে জনগণের চাপে সরকার চুক্তি করতে বাধ্য হয়েছিল। ওই সময় বিরোধী দলের নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী সেই চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছিলেন, ‘চুক্তি না মানার পরিণতি হবে ভয়াবহ।’
