কেরানীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসায় ডাকাতি

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০১:২৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রওশন ইয়াজদানীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ২টায় কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশচুন্দি নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানী বলেন, আমার বাসাটা তিনতলা। আমার মা আর আমার ছোট ভাই (পুলিশের একজন এসআই) নিচ তলায় দুটি রুমে থাকে। আমি দ্বিতীয় তলায় থাকি আর আমার আরেক ভাই তৃতীয় তলায় থাকে। বুধবার রাত দুইটার দিকে ৭/৮ জনের একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার বাসায় প্রবেশ করে। নিচতলায় আমার মায়ের ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।

তিনি বলেন, ডিউটি থাকার কারণে নিচতলায় যে ছোট ভাইটা থাকে সে বাসায় ছিল না। মায়ের রুমে প্রবেশের সঙ্গে সঙ্গে তার গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে এবং কথা বললেই তাকে খুন করবে বলে ধমক দেয়। ডাকাতরা মায়ের আলমারি ভেঙে নগদ ৫ লাখ আশি হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়।

জিনিসপত্র নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা পালিয়ে চলে যায়। এরপরে মা ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি করলে শব্দ পেয়ে নিচে নামার চেষ্টা করি। আমার রুম বাইরে থেকে ছিটকারী লাগানো ছিল। সম্ভবত ডাকাতরাই ছিটকারী লাগিয়েছিল। পরে নিচে এসে দেখি মায়ের রুমের সবকিছু এলোমেলো অবস্থায় আছে। বিষয়টি থানা-পুলিশকে অবগত করলে সকালবেলা পুলিশ আমার বাসায় এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করলে থানা-পুলিশ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত