যশোরে ৮ কিশোর বন্দীকে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০২:২৫ পিএম

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার কেন্দ্রের ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন আদালত।

যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টি এম আবু মুসা বৃহস্পতিবার শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. রকিবুজ্জামান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, গত ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে আজ ৪ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃতদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, এর সত্যতা জাতির সামনে আসার জন্যই আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত ১৩ আগস্ট বন্দী তিন কিশোর মারধরে নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার এবং সাময়িক বরখাস্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত