করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষির (৬০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার তার দেহে করোনা শনাক্ত হয়।
রুস্তুম আলীর স্বজনরা জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন তিনি। গত সোমবার তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ এবং বুধবারের পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়। তিনি পৌর এলাকার পূর্ব চাদকাঠি এলাকার নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয় এবং বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান বলেন, দীর্ঘদিন থেকেই রুস্তুম আলীর ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ ছিল। তারপর সকাল থেকে ওনার শরীরের পালস ছিল ষাট থেকে পয়ষট্টির মধ্যে। আমরা ওনার পরিবারের লোকজনকে বরিশালে নিয়ে যাওয়ার কথা বলছিলাম কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওনার পরিবার রাজি হয়নি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
