মিথ্যা ঘোষণা দিয়ে নির্ধারিত পরিমাণের বেশি পণ্য আমদানি করে ৩২ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বন্দরে থাইল্যান্ড থেকে আনা সুপারির একটি চালান আটক করেছে কাস্টমস।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার নূর হাসনা সানজিদা অনসূয়া বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস সূত্র জানায়, চট্টগ্রাম নগরীর নতুন চাক্তাই এলাকার মেসার্স খান অ্যান্ড সন্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে থাইল্যান্ড থেকে দুইটি কন্টেইনারে সুপারির চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেরিনো ট্রেডার্স লিমিটেড এসব সুপারি খালাসের জন্য কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এর অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা বুধবার কন্টেইনার দু’টি খুলে আমদানি পণ্যের শতভাগ কায়িক পরীক্ষা করে। এতে দেখা যায়, আমদানি ঘোষণায় ৩৬ মেট্রিক টন সুপারির কথা থাকলেও আনা হয়েছে ৫৬ মেট্রিক টন।
কাস্টম হাউসের সহকারী কমিশনার নূর এ সানজিদা অনসূয়া দেশ রূপান্তরকে বলেন, ঘোষণার অতিরিক্ত পণ্য এনে আমদানিকারক প্রতিষ্ঠান ৩২ লাখ শুল্ক ফাঁকির চেষ্টা করেছে। শুল্ক ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
