জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরাম আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। গতকাল শুক্রবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মনোয়ার হোসেন, সচিব (পিআরএল)।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। ফোরামের সাধারণ সম্পাদক, ডিএমপির ডিসি (ডিবি) আ. আহাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। সভায় আরও বক্তব্য দেন ফোরাম সহসভাপতি ড. আহমেদ মুনিরুস সালেহীন, সচিব, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, মো. তাহিয়াত হোসেন, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয় ও প্রফেসর আহমেদ সাজ্জাদ রশিদ, মহাপরিচালক, নায়েম। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যের মানব ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ডের নিন্দা জানান।
