গুপ্তধনের জন্য ৬০ পুরোহিত ১৪ দিনের পূজা শেষে পেলেন নকল টাকা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১১:৩১ পিএম

গুপ্তধন পাওয়ার জন্য বিশেষ পূজার আয়োজন করা হয়। ৬০ জন পুরোহিত ১৪ দিন ধরে করেছিলেন সেই পূজা। তার পর দক্ষিণা হিসাবে পেলেন নকল টাকার বান্ডিল।

সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে। পুরোহিতদের নকল টাকা দেওয়ার অভিযোগে এক দম্পতিকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দম্পত্তি এর আগেও একই ভাবে অনেক পুরোহিতদের ঠকিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

ওই দম্পতির নাম গীতা পাঠক ও গুলাসিরাম পাঠক। সীতাপুরের মথুরা গ্রামে ওই দম্পতির একটি আশ্রম আছে। সেই আশ্রমেই গুপ্তধন পাওয়া যাবে বলে পূজার আয়োজন করেছিলেন তারা। ডেকেছিলেন ৬০ জন পুরোহিতকে। ১৪ দিনের পুজো শেষে একটি টাকা ভর্তি কাপড়ের ব্যাগ তুলে দিয়েছিলেন পুরোহিতদের হাতে। তাদের বলেছিলেন, পরে বাড়ি গিয়ে টাকার ব্যাগ খুলতে।

বাড়ি ফিরে ব্যাগ খুলে টাকা বের করার পর পুরোহিতরা দেখেন সেখানে কয়েকটি মাত্র আসল নোট, বাকি সব টাকাই জাল। এ ঘটনায় গত বৃহস্পতিবার দিলীপকুমার পাঠক নামের এক পুরোহিত বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন। তার পরই পুলিশ গ্রেপ্তার করে ওই দম্পতিকে।

ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, এর আগেও অনেক পুরোহিতকে এ ভাবেই ঠকিয়েছেন ওই দম্পতি। ২০১৩-তে আশ্রম খোলার পর থেকেই ওই দম্পতি এই কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, গীতা ও তার স্বামী পূজার আয়োজন করে পুরোহিতদের ডেকেছিল। এই পুজোর জন্য গ্রামের মানুষের কাছ থেকে চাঁদাও তুলেছিল। কাজ শেষ হলে নকল টাকা ভর্তি ব্যাগ পুরোহিতদের দেয় ওই দম্পতি। আমরা ওই আশ্রমের ব্যাপারে তদন্ত করছি। নকল টাকা এরা কোথা থেকে পেল, সে ব্যাপারেও তদন্ত করছি।

সূত্র: আনন্দবাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত