নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে যাওয়া পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ানের (২৮) মৃতদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মঙ্গলহাটা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তার ৭ মাসের ছেলে এখনো নিখোঁজ রয়েছে।
জানা গেছে, কালনা ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে মঙ্গলহাটা এলাকা থেকে আজ সকালে মৃতদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মুসার মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের বাসিন্দা পুলিশ সদর দপ্তরে কর্মরত কনস্টেবল আবু মুসা রেজওয়ান তার সাত মাস বয়সী শিশুপুত্র, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে গত শুক্রবার মধুমতি নদীতে ভ্রমণে বের হন। কালনা ফেরি ঘাটে নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে প্রবল স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লাগলে আবু মুসা রেজওয়ান কোলে থাকা তার শিশুপুত্র আনাসসহ নদীতে ছিটকে পড়ে যান। স্রোতের কারণে তিনি শিশু সন্তানকে নিয়ে উঠতে পারেননি। এরপর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের সন্ধান পাননি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
