তিন দিনের ব্যবধানে হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ৩০ টাকা

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৩:২২ পিএম

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০ থেকে ১৩৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে শনিবার বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। গতকাল বন্দর দিয়ে ১৯টি মিনি ট্রাকে ৮২টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। 

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বীনা বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।

তবে সম্প্রতি ভারতে বন্যা হওয়ায় নাগপুর, গুলডাঙ্গা অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধুমাত্র বিহার অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন থাকায় সেখান থেকে দেশে যেমন কাঁচা মরিচ আমদানি হচ্ছে।

একইভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে ওই একইস্থান থেকে কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে। বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে, তার উপর ভারতেই চাহিদা বাড়ার কারণে সেদেশেই কাঁচামরিচের দাম বাড়ছে। যার কারণে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, এতে করে দেশের বাজারেও কাঁচামরিচের দাম বাড়ছে।

এছাড়াও গত শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি রপ্তানি বন্ধ ছিল যার কারণে দেশের বাজারে সরবরাহ কমায় কাঁচামরিচের চাহিদা বাড়ার কারণে দাম বেড়েছে।

এছাড়াও রবিবার আশুরা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকায় করে দেশে কোন কাঁচামরিচ আমদানি হবে না এর প্রভাব পড়েছে বাজারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত