আউশের ক্ষতি পোষাতে আমনে স্বপ্ন দেখছেন চাষিরা

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৩:১০ পিএম

বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মানিকগঞ্জের চাষিরা রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। দু দফা বন্যায় রোপা আমনের বীজতলা ও কিছু কিছু রোপা আমন নষ্ট হয়ে যায়। বন্যার পানি কমতে শুরু করায় কৃষকেরা এখন রোপা আমনের চারা রোপণ করছেন।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ৮ হাজার ৮ শত হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা যেভাবে রোপা আমন চাষ করছেন তাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হবে।

মানিকগঞ্জ সদর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় বন্যায় পানি নেমে যাওয়া কৃষি জমিতে রোপা আমন চাষ করছেন।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের আলতাফ মিয়া বলেন, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ১৭০ শতাংশ জমিতে রোপা আমন চাষ করেছি।

জান্না গ্রামের ফরিদ বলেন, ৩ হাজার টাকা খরচ করে ৫ শতাংশ জমিতে রোপা আমনের বীজতলা করেছিলাম। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। ১৪০ শতাংশ জমিতে রোপা আমনের জন্য আমার ১২ হাজার টাকা খরচ করে রোপা আমনের চাড়া কিনতে হয়েছে। তাও এক বুক আশা নিয়ে রোপা আমন চাষ করছি।

সাটুরিয়া উপজেলার ফকুরহাটি ইউনিয়নের সাজাহান বলেন, বন্যায় আমার সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি কমে গেছে। আজকে ২৫ শতাংশ জমিতে রোপা আমন চাড়া রোপণ করেছি। আমি আরও ৭৫ শতাংশ জমি চাষ করব।

রোপা আমন চাষি মফিজুল ইসলাম বলেন, রোপা আমনের বীজতলা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। চাড়ার দাম বেশি হাতে টাকাও নাই। তাই ধারদেনা করে রোপা আমনের চাড়া চাষ করছি।

সোহরাব হোসেন বলেন, করোনার সময় কাজ করতে পারি নাই। করোনা যেতে না যেতেই আসল বন্যা। আমরা কৃষকরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। রোপা আমন চারা রোপণ করছি। আল্লাহ দিলে রোপা আমনের ফলন ভালো হলে আমরা আবার ঘুরে দাঁড়াব।

নাটর জেলা থেকে শ্রমিক মিজান বলেন, করোনা ও বন্যার কারণে আমাদের হাতে কোন কাজ ছিল না। বন্যার পানি নামতে শুরু করায় আমরা মানিকগঞ্জে কাজ করতে আসছি। ২ বেলা খাওয়াসহ রোজ ৫০০ টাকায় রোপা আমনের চাড়া রোপণ করছি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাজাহান আলী বিশ্বাস বলেন, মানিকগঞ্জে দু দফা বন্যায় কৃষকদের রোপা আমন বীজ তলা নষ্ট হয়ে গেছে। বন্যার পানি থাকার সময় কৃষকেরা বাড়ির উঠানে বীজতলা করেছিল। এখন বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রোপা আমন চাষ করছে।

তা ছাড়া আমরা প্রণোদনা হিসেবে কমিউনিটি বীজতলা তৈরি করে রা ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে রোপা আমনের ধানের চাড়া বিতরণ শুরু করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত