বশেমুরকৃবিতে সয়াবিনের উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবন

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৮:১৫ পিএম

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষিতত্ত্ব বিভাগ ‘বিইউ সয়াবিন-২’ নামে সয়াবিনের উচ্চ ফলনশীল নতুন আরেকটি জাত উদ্ভাবন করেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তাইওয়ানে অবস্থিত Asian Vegetable Research and Development Center (AVRDC), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও নোয়াখালী এলাকা থেকে প্রায় ২০০ জার্মপ্লাজম সংগ্রহ করে ২০০৫ সাল থেকে কৃষিতত্ত্ব বিভাগ গবেষণা করছে। এরই ধারাবাহিকতায় AVRDC থেকে সংগৃহীত AGS ৩৮৩ জার্মপ্লাজমটি ‘বিইউ সয়াবিন-২’ নামে সম্প্রতি অবমুক্ত করা হয়। উচ্চ ফলনের পাশাপাশি খরা, জলাবদ্ধতা ও ঝড়ো হাওয়ায় এটি হেলে পড়ে না।

নতুন জাত উদ্ভাবন দলের প্রধান অধ্যাপক ড. আব্দুল করিম বলেন, ‘কৃষি মন্ত্রণালয় নতুন জাতটি বিভিন্ন অঞ্চলে চাষাবাদের জন্য অবমুক্ত করার আগে বশেমুরকৃবি, নোয়াখালীর কমলনগর ও সুবর্ণচর, টাঙ্গাইলের ভূঞাপুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপযোগিতা যাচাই করে। এতে প্রতি হেক্টরে গড় ফলন ৩ দশমিক ৫ মেট্রিক টন পাওয়া গেছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ ও কমলনগরে ফলন যথাক্রমে ৪ দশমিক ৭ ও ৪ দশমিক ৪ মেট্রিক টন, যা এশিয়ায় সর্বোচ্চ।’

এর আগে ২০১৪ সালে কৃষিতত্ত্ব বিভাগ ‘বিইউ সয়াবিন-১’ নামে খর্বাকৃতি ও অপেক্ষাকৃত কম সময়ে পরিপক্ব একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত