সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়েকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মাদারীপুরে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন- কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের ও কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তবে তার নাম উল্লেখ করা হয়নি এজাহারে। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার ধার্য তারিখ আগামী ২৭ অক্টোবর।
এজহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ২০ ফেব্রম্নয়ারি শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী লন্ডন থেকে ছুটিতে দেশে আসেন। করোনাভাইরাসের কারণে তিনি আর যেতে পারেননি। গত ২৬ জুলাই বিমানে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। এর দুদিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইসোলেশন সেন্টারে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করান তিনি। একদিন পর তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ইমিগ্রেশনে যাচাইয়ের সময় অনলাইনে তাকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই শাজাহান খান স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে ঘটনার ব্যাখ্যা চান। পরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেন্স সেন্টারের পরিচালক ভুলের দায় স্বীকার করেন। এরপরও এ এম এম বাহাউদ্দীন ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে এ ঘটনাকে কেন্দ্র করে শাজাহান খানকে নিয়ে অসত্য তথ্য লেখেন। পত্রিকাটি শাজাহান খানের বিরুদ্ধে ‘করোনাভাইরাস সনদ জালিয়াতির’ অভিযোগ তোলেন।
