বিনা অভিযোগে অস্ট্রেলিয়ান নাগরিকত্বধারী এক সাংবাদিক ও জনপ্রিয় উপস্থাপিকাকে অন্তত দুই সপ্তাহ ধরে আটক করে রেখেছে চীন। চেং লেই নামে ওই সাংবাদিক বেইজিংভিত্তিক চীনের রাষ্ট্রীয় ইংলিশ সম্প্রচার মাধ্যম সিজিটিএনে কর্মরত ছিলেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, গত ১৪ আগস্ট থেকে চীন কর্তৃপক্ষের হাতে আটক অবস্থায় আছেন লেই। কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেখানো হয়নি।
দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে পারস্পরিক সম্পর্ক নিয়ে যখন চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে টানাপোড়েন চলছে তখন অজি সাংবাদিক লেই চেংকে আটক করল বেইজিং। অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।
বন্দী দশায় থাকায় প্রায় পনেরো দিন ধরে জনসম্মুখে দেখা নেই লেইয়ের। তবে বেইজিংয়ে নিযুক্ত অস্ট্রেলিয়ান কূটনীতিকেরা জানিয়েছেন, ২৭ আগস্ট তার সঙ্গে তাদের আলাপ হয়েছে।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি’র খবরে বলা হয়েছে, লেই গৃহবন্দী অবস্থায় আছেন। তাকে দীর্ঘ মেয়াদে আটক রাখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ মন্ত্রী বলেছেন, “সত্যি লেই চেংয়ের জন্য আমরা চিন্তা হচ্ছে। চীনা কর্তৃপক্ষর তাকে বন্দী করার কারণ জানানো উচিত। অথবা তাকে দ্রুত ছেড়ে দেওয়া উচিত।”
লেই হলেন চীনে আটক হওয়া খ্যাতিসম্পন্ন অস্ট্রেলিয়ান নাগরিকত্বধারী দ্বিতীয় ব্যক্তি। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রখ্যাত লেখান ইয়াং হেনজুনকে আটক করে চীন।
