সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৭ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সরকারি জায়গা দখল করে গড়ে উঠা রেন্ট-এ-কার স্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন গাড়ির মালিক-শ্রমিকরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ প্রতিবাদ বিক্ষোভ হয়। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

গাড়ি মালিকদের অভিযোগ, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্ট্যান্ড পরিচালনার জন্য গাড়ির মালিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন হয়ে আসছে। বর্তমানে ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু প্রভাবশালী নেতা সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজুকে সভাপতি ও বিতর্কিত সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে একটি মনগড়া কমিটি গঠন করেন। অথচ তারা গাড়ির মালিক নন। 

এ কমিটি গঠন করার পর থেকেই শুরু হয় বেপরোয়া চাঁদাবাজি। স্ট্যান্ডে কোনো গাড়ি তালিকাভুক্ত করতে হলে কমিটির নেতাদের ১৫ হাজার টাকা সালামি দিতে হয়। এই কমিটি বিগত চার বছর ধরে প্রতিটি মাইক্রোবাস থেকে মাসিক ১৮০০ টাকা আর প্রাইভেটকার থেকে ১৪০০ টাকা করে চাঁদা আদায় করছে। এ স্ট্যান্ডের অধীনে আড়াই শতাধিক মাইক্রোবাস ও প্রাইভেটকার রয়েছে। পরিসংখ্যান মতে, স্ট্যান্ড থেকে মসিক চাঁদা আদায় করা হচ্ছে ৪ লক্ষাধিক টাকা।

এ বিষয়ে আমিনুল হক ভূঁইয়া রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নিজের কোনো গাড়ি না থাকার সত্যতা স্বীকার করে বলেন, যারা বিক্ষোভ করেছে তারা বহিরাগত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, চাঁদাবাজির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত