করোনাকালীন আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকেরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গ্রিন স্কয়ারে অবস্থিত এই স্কুলের সামনে সকাল ১১টায় অভিভাবকেরা মিছিল করেন। এর আগে ২৬ আগস্ট স্কুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দেন।
মিছিল শেষে ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অভিভাবকেরা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই চাকরি হারিয়েছেন, কারো মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেকে সন্তান নিয়ে গ্রামে চলে গেছেন। এ অবস্থায় বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।
সমাবেশে স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকা অভিভাবকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন।
