অস্ত্র মামলা

পাপিয়া দম্পতির বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্য

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ এএম

অস্ত্র আইনে করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। তারা হলেন জব্দ তালিকার সাক্ষী পুলিশের সহকারী উপপরিদর্শক জামাল ও জনৈক হাবিবুর রহমান। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে গতকাল বৃহস্পতিবার তারা সাক্ষ্য দেন। এ নিয়ে মামলার ১২ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে দুজনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে মামলার জব্দ তালিকার সাক্ষী র‌্যাবের উপপরিদর্শক সাইফুল আলমকে জেরা করা হয়। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রবিবার দিন ঠিক করেছে।

গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান রাজধানীর শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। এতে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত