পাকিস্তানি কাশ্মীরের সঙ্গে মুম্বাইয়ের তুলনা, কঙ্গনার বিরুদ্ধে সরব বলিউড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৬ পিএম

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে বৃহস্পতিবার মুম্বাইকে তুলনা করেছেন কঙ্গনা রনৌত। এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। নিন্দা জানিয়েছেন নায়িকার অনেক সহকর্মী।

সম্প্রতি কঙ্গনা দাবি করেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। বলেছেন, “আপনি মুম্বাই ফিরবেন না।” কিন্তু কঙ্গনার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় শিবসেনা। এমনকি বলা হয়েছে, কঙ্গনাকে প্রমাণ দিতে হবে এই অভিযোগের। কিছুদিন আগে তিনি এও বলেছিলেন মাফিয়াদের থেকেও তিনি বেশি ভয় পান মুম্বাই পুলিশকে। চেয়েছিলেন কেন্দ্র বা হিমাচল পুলিশের নিরাপত্তা।

এর পরেই দলীয় পত্রিকা সামানায় শিবসেনা নেতা সঞ্জয় লেখেন, “আমরা তাকে অনুরোধ করছি আর যেন মুম্বাইয়ে ফেরত না আসে। মুম্বাই পুলিশকে বড় অপমান করেছেন তিনি। রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে পদক্ষেপ করা উচিত।”

বৃহস্পতিবার কঙ্গনা টুইট করে লেখেন, “সঞ্জয় রাউত আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আমি যেন আর মুম্বাই না ফিরি। মুম্বাইয়ের রাস্তায় আজাদি গ্রাফিতির পর এবার প্রকাশ্য হুমকি... এই মুম্বাইকে আমার কেমন যেন পাক অধিকৃত কাশ্মীরের মতো লাগছে?”

কঙ্গনার এই সব বিতর্কিত টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সরব হয়েছেন একাধিক বলিউড সেলিব্রিটি। মুম্বাই শহরের প্রতি ভালোবাসা জানিয়ে টুইট করেন রীতেশ দেশমুখ, সোনু সুদ, মীরা চোপড়া, দিয়া মির্জা, ঊর্মিলা মাতন্ডকর, রেনুকা সাহানে, স্বরা ভাস্কর, অনুভব সিনহা, কুনাল কামরা, কুবরা সেইতসহ অনেকে।

সোনু সুদ লেখেন, “এই শহর মানুষের ভাগ্য বদলে দেয়। কুর্নিশ জানালে পালটা সেলাম পাওয়া যায়।”

“আমি দিল্লির মেয়ে। গত ৫ বছর ধরে মুম্বাইয়ে বাস। একটা কথা হলফ করে বলতে পারি, মুম্বাই শহর খুবই নিরাপদ এবং এখানকার পুলিশ সব সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়”, এ মন্তব্য মীরা চোপড়ার।

দিয়া মির্জা লেখেন, “মুম্বাই মেরি জান। গত প্রায় ২০ বছর ধরে এখানে আমার বাস, আমার কাজ। মাত্র ১৯ বছর বয়সে একা একা এই শহরে আসি। প্রাণ খুলে এই শহর আমাকে স্বাগত জানিয়েছিল এবং এত দিন নিরাপদে রেখেছে। কসমোপলিটন, ইনক্লুসিভ, ডাইভার্স এবং খুবই সুন্দর এক শহর।”

ঊর্মিলা মাতন্ডকরের ভাষ্য, “মহারাষ্ট্র ভারতের সংস্কৃতির মুখ। মহান শিবাজী মহারাজ্যের ভূমি এটি। লাখ লাখ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে এই শহর, তাদের নাম-যশ-প্রতিপত্তি দিয়েছে। একমাত্র অকৃতজ্ঞরাই একে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করতে পারেন। শকড এবং ডিসগাস্টেড।”

টিভি অভিনেত্রী রেনুকা সাহানে লেখেন, “কঙ্গনা মুম্বাইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করা খুবই কুরুচিকর। মুম্বাইয়ের বাসিন্দা হয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না। তবে তোমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা বোধ হয় আমারই বোকামি।” এর উত্তরে কঙ্গনা লেখেন, “কবে থেকে প্রশাসনের ত্রুটি বের করা একটা জায়গার সমগোত্রীয় হয়ে উঠল? আমার তো মনে হয় না আপনি অতটাও বোকা। বরং আপনিও অপেক্ষায় ছিলেন সুযোগ বুঝে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে ক্ষতবিক্ষত করার জন্য। তবে আপনার থেকে এর চেয়ে ভালো কিছু আশা করেছিলাম।”

স্বরা ভাস্কর বলেন, “আমি একজন বহিরাগত। স্বাধীন কর্মজীবী নারী ও বাসিন্দা হিসেবে এক দশক ধরে মুম্বাই আছি। শুধু এটা বলতে চাই যে, বসবাস ও কাজের জন্য বোম্বে একটি সহজ ও নিরাপত্তা জায়গা।” সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান মুম্বাই পুলিশকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত