ইউএনওর ওপর হামলা রাষ্ট্রের জন্য অশুভ সংকেত: মির্জা ফখরুল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৪ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা একটি রাষ্ট্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা উল্লেখ করে বলেন, তার মতো একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বোঝা যায় দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কত অনিশ্চিত। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার কোনো অবকাশ নেই।

ইউএনওর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ওয়াহিদা খানমের মতো উপজেলা পর্যায়ের একজন সর্বোচ্চ সরকারি কর্মকর্তার ওপর সন্ত্রাসীদের নৃশংস ও পৈশাচিক হামলার ঘটনায় এটি আবারও প্রমাণিত হলো যে, এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের কোন নৈতিক ভিত্তি নেই। এরা সন্ত্রাসকে আশ্রয় করেই নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। বিরোধী দল ও শতকে দমন করে যাচ্ছে রক্তাক্ত কায়দায়। এখন সরকারি কর্মকর্তারাও এদের হিংস্রতার শিকার হচ্ছে।

তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহাকে হত্যাসহ আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা যেভাবে সংঘটিত করছে তাতে দুষ্কৃতকারীরা উৎসাহ পাচ্ছে। দুষ্কৃতকারীরা যেই হোক ইতিপূর্বে যদি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হতো তাহলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রমণের শিকার হতেন না। দেশে এখন আইন-কানুনের কোন বালাই নেই। হত্যা, খুন, জখম, টাকা পাচার, মানব পাচার, আর্থিক প্রতিষ্ঠান লোপাট, টেন্ডারবাজী ও জবরদস্তি কায়েমের মতো অনাচার আড়াল করতেই দেশব্যাপী দুষ্কৃতকারীদের প্রশ্রয় দিয়ে রক্তাক্ত কর্মসূচির ধারা অব্যাহত রাখা হয়েছে। এরই সর্বশেষ শিকার হলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।

বিএনপি মহাসচিব বলেন, দেশে আইনের শাসনের বিলুপ্তি ঘটিয়ে, গণতন্ত্রকে কবরস্থ করে নাৎসি কায়দায় দেশ পরিচালনার জন্যই এখন সন্ত্রাসবাদের দোর্দণ্ড প্রতাপ চলছে। দুর্নীতি ও রক্তাক্ত সন্ত্রাসের ভাবধারায় অনুপ্রাণিত এই সরকার সারা দেশে অশান্তির বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার পিতার ওপর নির্মম হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি তার পরিবারবর্গ ও নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গুরুতর আহত ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলীর আশু সুস্থতা কামনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত