মাশরাফীর ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে হচ্ছে হাসপাতাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৭ এএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। গতকাল শুক্রবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

শহরের পুরনো রেজিস্ট্রি অফিস এলাকার শরীফ আবদুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়। এতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সাংসদ অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, পরিচালক মো. আহসানুজ্জামান, আবদুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক ও ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা রেজাউল খবির রাজু প্রমুখ।

সভায় ঘোষণা দেওয়া হয়, মাশরাফী বিন মোর্ত্তজার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ করা হয়েছে। বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েকজন ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর মাশরাফীর হাত ধরে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারী প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত