ভালো কাজের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব : সিএমপি কমিশনার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম

যেকোনো ওসির ভালো কাজের সঙ্গে তিনি ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

তিনি বলেছেন, ‘আমাদের ভালো কাজের মাধ্যমে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা যদি দূর হয়ে যায়, সেটিই একজন অফিসার হিসেবে আমার প্রাপ্য, আমার কাম্য।’

শনিবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় বিনামূল্যে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা চালু ও কোতোয়ালি থানায় যুক্ত হওয়া দৃষ্টিনন্দন গেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনেকটা বিদায়ী সুরে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানকে বদলি করে শিল্প পুলিশের উপমহাপরিদর্শক করা হয়েছে। জানা যায়, সিএমপিতে রবিবার তার শেষ কর্মদিবস।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘সত্যিকার অর্থে চট্টগ্রাম অনেক ভালো জায়গা। এখানকার সাধারণ মানুষ অনেক ভালো।’

সিএমপি কমিশনার বলেন, ‘এখানে রাজনৈতিক নেতা যারা আছেন তাদের মন অনেক বড়। উনাদের মধ্যে কোনো সংকীর্ণতা আমি দেখিনি। নেতাদের অনেক তদবির আমি রিফিউজড করেছি, ভদ্রভাবে রিফিউজড করেছি। কিন্তু এটা নিয়ে কারও মধ্যে কোনো বিরাগ আমি দেখিনি।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম যেন কোনো নেগেটিভ নিউজের শহর না হয়, খারাপ খবরের শহর যেন না হয়। চট্টগ্রামের মানুষ যেমন ভালো, এই শহরও যেন সেই ইমেজ নিয়েই টিকে থাকে। ঢাকায় যাচ্ছি, আসলে যাচ্ছি না। আমার মন পড়ে থাকবে চট্টগ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত