দিনাজপুরের চিরিরবন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার আন্ধারমুহা এলাকার ওই ঘটনায় শনিবার সকালে আকরাম আলী (৪৫) নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আকরাম আন্ধারমুহার মিস্ত্রিপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।
নির্যাতিতার মা অভিযোগ করে বলেন, আমার স্বামী পেশায় একজন কাঠ মিস্ত্রি। আমি নিজেও একটি নার্সারিতে কাজ করি। প্রতিদিন সকালে কাজের জন্য আমাদের বাইরে যেতে হয়। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে বিয়ে ও অন্যান্য প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে আকরাম। গত মঙ্গলবার সন্ধ্যায় তার বমি ও মাথা ঘুরছে জানালে মেয়েকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যাই। পরে চেকআপ শেষে সে অন্তঃসত্ত্বা বলে জানায় ডাক্তার। এ সময় মেয়েকে জিজ্ঞাসা করা হলে সব ঘটনা খুলে বলে।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
