মসজিদে বিস্ফোরণে দুই ছেলেকে হারিয়ে ধূলিসাৎ নুরউদ্দিনের স্বপ্ন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ পিএম

বাবা নুরউদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিয়ন। সামান্য বেতনে খুব কষ্ট করে ৩ ছেলেকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ছেলেদের লেখাপড়া করাতে মা বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করতেন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তাদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ হয়ে গেছে।

নুরউদ্দিনের কলেজপড়ুয়া দুই ছেলে সাব্বির ও জুবায়ের তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ছোট ছেলে। সে বিস্ফোরণের সময় মসজিদ থেকে বের হতে গিয়ে সামান্য আহত হয়।

নুরউদ্দিনের নিহত দুই ছেলে হলেন সাব্বির ও জুবায়ের। সাব্বির নারায়ণগঞ্জ কলেজে অনার্স ও জুবায়ের তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ত। দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মসজিদটির ইমামসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত