নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ, জেলা ও মহানগর বিএনপি গতকাল শনিবার পৃথক কর্মসূচির আয়োজন করে।
সকালে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে অবস্থিত মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটের আহ্বায়ক আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতারা। দুপুরে মরহুমের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, সাইফুর রহমান ছিলেন দেশের টেকসই উন্নয়নের একজন সুদক্ষ পরিকল্পনাবিদ। বাংলাদেশ যে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, সেই অগ্রগতিতে তার বিশাল অবদান রয়েছে। তিনি বলেন, বৃহত্তর সিলেটের উন্নয়নে এম সাইফুর রহমান অনেক কাজ করেছেন। কিন্তু এখন অনেক জায়গা থেকে তার নামফলক তুলে ফেলা হচ্ছে, যা খুবই দুঃখজনক। এ সময় সিলেট জেলা বিএনপি নেতা আবদুল মান্নান, মহানগর বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও নাজিম উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট জেলা ও মহানগর বিএনপি বাদ আসর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
