রিফাত হত্যা মামলা

মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করলেন আইনজীবীরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৯ এএম

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। গতকাল রবিবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে বিচারক রাষ্ট্রপক্ষের যুক্তি খন্ডনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘আদালতে আমরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছি। বিচারক যুক্তি খণ্ডনে আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সব বিচারিক কার্যক্রম শেষ হলে মিন্নির জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে তিনি জামিনে থাকবেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ভুবন চন্দ্র হাওলাদার বলেন, ‘রিফাত হত্যা মামলায় সাক্ষী থেকে আসামি মিন্নির মাধ্যমে প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগেই ৭৬ জন সাক্ষ্য দিয়েছেন। ধার্য দিনে আসামিপক্ষের যুক্তিতর্ক এবং আদালতে তুলে ধরা হাইকোর্টের নির্দেশনা আমরা খণ্ডনের চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত