মির্জাপুর পৌরসভার উপনির্বাচন ১০ অক্টোবর, ভোট হবে ইভিএমে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

মির্জাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ হয়ে মারা যাওয়ায় এই পদটি শূন্য ঘোষণা করা হয়। তখন থেকেই পরবর্তী মেয়র কে হবেন এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা।

করোনা পরিস্থিতির কারণে তা কিছুদিনের জন্য নীরব হলেও এখন আবার নির্বাচনী হাওয়া বইতে শুরু করে।

আগামী ডিসেম্বর মাসে দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে যায়।

রবিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় মির্জাপুর পৌরসভার মেয়র পদে শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করায় সম্ভাব্য প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। রাতে তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছে।

 মির্জাপুর পৌরসভার মেয়র পদে শূন্য আসনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে বলে নির্বাচন কমিশন সচিবালয় তফসিলে উল্লেখ করেছেন।

মির্জাপুরে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, মির্জাপুর পৌরসভার উপনির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এ ব্যাপারে যে সহযোগিতা চাইবেন প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত