এ যুগের অধিকাংশ শিক্ষার্থীই মোবাইল আসক্তির জালে বন্দী। সোশ্যাল মিডিয়া, গেমস ইত্যাদির মোহে পড়ে তারা হারিয়ে ফেলছে স্বাভাবিক জীবনের ছন্দ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনার। সময় অপচয়ের পাশাপাশি কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অন্যায় কর্মকা-েও। ক্ষতি এড়াতে তাদের এই আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। লিখেছেন মিশকাত হাবিব
নোটিফিকেশন বন্ধ রাখো
সোশ্যাল মিডিয়ার একাধিক অ্যাপ হয়তো তুমি ব্যবহার করো। ফেইসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদির নোটিফিকেশন অপশনটি অফ করে রাখো। এতে একটু পর পর মোবাইল বিপবিপ করবে না এবং তুমিও মোবাইলে ঢোকার অজুহাত পাবে না।
সময় নির্ধারণ করো
মোবাইল ফোনে যত বেশি সময় দেবে তত বেশি আসক্ত হবে। তাই সারাদিন মোবাইল ব্যবহার না করে দিন কিংবা রাতের নির্দিষ্ট একটি সময়ে মোবাইল ব্যবহার করো। নিজের সঙ্গে অঙ্গীকার করো যে, এই সময়ের বাইরে মোটেও মোবাইল ব্যবহার করবে না।
তিন সময়ে মোবাইলকে না বলো
তোমাদের অনেকেই এত বেশি মোবাইল আসক্ত হয়ে পড়ো যে, অন্য কাজ করার সময়ও মোবাইল টিপতে থাকো। এই বদঅভ্যাস তাড়াতে তিন সময়ে মোবাইলকে না বলো। এক. খাবার গ্রহণের সময়। দুই. রাস্তায় হাঁটার সময়। বন্ধুদের সঙ্গে গল্প করা বা আড্ডা দেওয়ার সময়। এই তিন সময়ে যদি মোবাইলকে না বলতে পারো, আসক্তি থেকে সহজেই মুক্তি পাবে।
মোবাইল বন্ধ রাখো
তুমি যখন পড়তে বসবে, ঘুমোতে যাবে কিংবা গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মগ্ন থাকবে তখন মোবাইল বন্ধ রাখতে পারো। এতে পড়ায় একাগ্রতা আসবে, তৃপ্ত হয়ে ঘুমোতে পারবে এবং প্রাণবন্ত আলাপচারিতা জমাতে পারবে। এই কাজ করতে পারলে দেখবে, ক্রমেই তোমার আসক্তি কমে আসছে।
দীর্ঘ ও কঠিন পাসওয়ার্ড
মোবাইলে দীর্ঘ ও কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে পারো। ফলে চাইলেই তুমি এক ক্লিকে ফেইসবুকে ঢুঁ মারতে পারবে না। তার আগে দীর্ঘ ও কঠিন পাসওয়ার্ড দিয়ে মোবাইল খোলার ঝামেলা পোহাতে হবে। এটিও হতে পারে মোবাইল আসক্তি রোধের চমৎকার কৌশল।
সহযোগী অ্যাপ
গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো Time Tracker, Addictometer Phone Manager, Forest, Rescue Time -এর মতো চমৎকার মোবাইল অ্যাপ। যা তোমার দিনের কিংবা রাতের প্রতিটি সময় ব্যয়ের পূর্ণ তথ্য তোমাকে দেবে। তারপর তুমি ঘুমানোর পূর্বে আত্মবিশ্লেষণে মগ্ন হও। কতটুকু সময় নিজের জন্য ব্যয় করেছো আর কতটুকু অপচয়।
গ্রুপ চ্যাটিং মিউট রাখো
আজকাল স্কুল-কলেজের প্রতিটি ব্যাচের আলাদা গ্রুপ থাকে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে ক্লাসের তথ্য জানানো হয়। আবার অনেকের ফ্যামিলি গ্রুপও থাকে। এসব গ্রুপে একবার ঢুকলে বের হওয়া সহজ নয়। তাই সময়ের অপচয় এড়াতে এসব গ্রুপের চ্যাটিং মিউট করে রাখো এবং তোমার সময় মতো তা দেখে নাও।
