মুজিববর্ষেই ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০ এএম

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষণার প্রস্তুতি চলছে। চলতি মুজিববর্ষের মধ্যেই এ ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা সম্পন্ন ও হালদাপাড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের প্রক্রিয়াও চলছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। হেরিটেজ ঘোষণা হলে হালদা নদী বিশে^ পরিচিতির পাশাপাশি ইউনেসকো কর্র্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতির সম্ভাবনাও তৈরি হবে। সেই সঙ্গে মা মাছের অভয়াশ্রমের পাশাপাশি প্রকৃতিতে আসবে নতুন প্রাণ।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন দেশ রূপান্তরকে বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কর্র্তৃক হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। চলতি মুজিববর্ষের মধ্যেই এ ঘোষণা আসবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে হালদা নদীর পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃশ্য ম্যুরাল ও নামফলক নির্মাণ করা হবে। এর জন্য স্থান নির্ধারণসহ অন্যান্য বিষয় দেখার জন্য একটি কমিটিও কাজ করছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি ঐতিহ্যবাহী হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয়। পরে প্রধানমন্ত্রীও এ সিদ্ধান্তের অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে হালদাপাড়ের লোকজন, চট্টগ্রামে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে মতবিনিময় করা হয়েছে। আমাদের যে কনসেপ্ট, সেটা তাদের কাছে তুলে ধরা হয়েছে।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও হালদা নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড. মনজুরুল কিবরিয়া বলেন, বাংলাদেশে জাতীয় গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রাকৃতিক সম্পদ রয়েছে তার মধ্যে হালদা অন্যতম। যথাযথ উদ্যোগের অভাব, পরিবেশদূষণসহ নানা কারণে প্রাকৃতিক এই মৎস্য প্রজনন ক্ষেত্র বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছে। এটিকে রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে হালদা নদী রক্ষা কমিটি। এই নদীকে রক্ষা ও এর ঐতিহ্য ধরে রাখতে এটিকে জাতীয় নদী হিসেবে ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি আমরা। সরকার ইতিমধ্যে হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণার প্রস্তুতিতে নদীটির ঐতিহ্য রক্ষার বিষয়ে আমরা আশাবাদী।

এদিকে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণার বিষয়ে গত রবিবার দুপুরে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. খলিলুর রহমান। এ ছাড়া হালদা নদীসংলগ্ন উপজেলাগুলোর উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত