বুড়িগঙ্গা নদীর বেদখল হওয়া তীর উদ্ধারে ফের উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সোমবার সকালে শ্যামবাজার এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ৩০টি পাকা ভবনসহ প্রায় শতাধিক স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, প্রতিটি জায়গায় লাল মার্কিং এবং জিপিএস পয়েন্ট নেওয়া আছে। নদীর সীমানা অতিক্রম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের সঙ্গে জিপিএস রিডিং, সার্ভেয়ার ও ইঞ্জিনিয়ার আছেন। দখলদারদের কোনো ধরনের সুযোগ নেই। যেসব স্থাপনা আগে ভাঙা সম্ভব হয়নি তা আজ ভেঙে দেওয়া হচ্ছে। নদীর জায়গা উদ্ধার করে সবুজ বেষ্টনীতে সাজানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, শ্যামবাজারে এই উচ্ছেদ অভিযান হচ্ছে পুনরায় মনিটরিং। অসাধু কতিপয় ব্যক্তি বারবার উচ্ছেদ করার পরও দখল করছে তাদের জন্য এই সাঁড়াশি অভিযান। ঢাকা শহর ঘিরে যে চারটি নদী আছে তার দুই পাড় দখলমুক্ত করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যেই বিআইডব্লিউটিএ অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে কাজ করছে।
