আশুলিয়ায় চাকা ফেটে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪ পিএম

সাভারে আশুলিয়ায় গোয়াইল বাড়ী-জিরানী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাবশত চাকা ফেটে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে গোয়াইলবাড়ী-জিরানী আঞ্চলিক সড়কের গোয়াইলবাড়ী বাজারের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, সকালে শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম থেকে ২০-২৫ জন শ্রমিক নিয়ে টেঙ্গুরী এলাকায় স্পিনিং ট্রেড লিমিটেড কারখানায় যাচ্ছিল বাসটি। মূলত ওই কারখানার শ্রমিক পরিবহন কাজে বাসটি ব্যবহৃত হতো।

পরে গোয়াইলবাড়ী এলাকায় পৌঁছালে বাসটির সামনে চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত বাসের ভেতর থেকে আহত ১০-১২ জন শ্রমিককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাকবলিত বাসের ভেতর তারা তল্লাশি চালিয়ে আটকে থাকা অবস্থায় কাউকে পাননি। এ ঘটনায় কেউ মারাও যায়নি। সবশেষ বাসটি খাদের পানি থেকে উদ্ধারে তাদের তৎপরতা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত