লাদাখ সীমান্তে ভারতের গুলি, চীনের পাল্টা ব্যবস্থা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম

লাদাখ সীমান্তে ভারত গুলি চালিয়েছে বলে অভিযোগ তুলল চীন। তবে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল বলে দাবি করেছে ভারতীয় সেনা সূত্র।

ডয়চে ভেলে অনলাইন ও গ্লোবাল টাইমস জানায়, চুক্তি লঙ্ঘন করে লাদাখ সীমান্তে ভারত গুলি চালিয়েছে এবং এর পাল্টা জবাব দেয়া হয়েছে বলে একটি বিবৃতি প্রকাশ করেছে চীন।

সরকারিভাবে ভারত এ বিষয়ে মুখ না খুললেও দেশটির সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে, সোমবার প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে গুলি চলেছে। ১৯৭৫ সালের পর এই প্রথম গুলি চলল ভারত-চীন সীমান্তে।

১৯৭৫ সাল থেকে ভারত এবং চীনের মধ্যে চুক্তি হয়েছিল যে, সীমান্তে কোনও পক্ষই গুলি চালাবে না। বস্তুত সে কারণেই গত কয়েক বছরে ডোকলাম এবং লাদাখে যত বার দুই দেশের সেনা মুখোমুখি হয়েছে, তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। অনেকবার মুখোমুখি সংঘর্ষ হলেও কোনো পক্ষে কিন্তু গুলি চলেনি।

গালওয়ানে হাতাহাতিতে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হওয়ার পরেও কোনও পক্ষ গুলি চালায়নি। তবে গালওয়ানে ঘটনার পরই ভারত সিদ্ধান্ত নেয়, প্রয়োজনে তারা গুলি চালাবে। চীনকেও তা জানিয়ে দেয়া হয়।

মঙ্গলবার আরেকটি বিবৃতিতে চীনের সেনা মুখপাত্র জানায়, পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণে ভারতীয় সেনা গুলি চালিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে চীনের প্রান্তে ঢুকেছে এবং উসকানিমূলক কার্যকলাপ করেছে। ভারতীয় সেনার এমন কর্মকাণ্ডে বাধ্য হয়ে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনা সেনারা।

চীনের এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। সরকারিভাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

তবে মঙ্গলবার ভারতীয় সেনার একটি সূত্র জানিয়েছে, সোমবার সেখানে গুলি ছোড়া হয়েছে। চীনের বাহিনীকে সতর্ক করতেই ভারতীয় সেনা গুলি ছুড়তে বাধ্য হয়েছে বলে তিনি জানিয়েছেন। তার অভিযোগ, প্রথমে চীনের দিক থেকেই উসকানিমূলকভাবে গুলি ছোড়া হয়েছিল, ভারত তার জবাব দিয়েছে।

২৯ এবং ৩০ আগস্ট থেকে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে নতুন করে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা শুরু হয়। চীনের দাবি ভারত সীমান্তের স্থিতাবস্থা লঙ্ঘন করেছে। যদিও ভারত তা অস্বীকার করেছে।

মূলত ২৯ আগস্ট রাতে ভারত সীমান্তে দুইটি পাহাড় নিজেদের দখলে নেয়। যেখান থেকে সীমান্তের ওপারে চীনের পিপলস লিবারেশন আর্মির গতিবিধি স্পষ্ট দেখা যায়। চীন একে সীমান্ত লঙ্ঘন বললেও ভারতের দাবি, ওই দুইটি পাহাড় তাদের সীমান্ত এলাকায়।

ভারতীয় সেনা ওই পাহাড়র দুটির দখল নেওয়ার পর থেকেই চীনের সেনা বারবার পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে। যার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। কিন্তু ভারতীয় সেনারা পাহাড় হাতছাড়া হতে দেয়নি।

ভারতীয় সেনার এক সূত্র জানিয়েছে, সোমবারে আগে ৩১ আগস্টই সীমান্তে গুলি চলেছিল। তবে তাতে কেউ হতাহত হয়নি। দুই পক্ষই সতর্কতামূলক গুলি ছুড়েছিল। সোমবারও তেমনই ঘটনা ঘটেছে। তবে এই প্রথম সীমান্তে গুলির বিষয়টি বিবৃতির আকারে প্রকাশ করল চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত