রমনা পার্ক উন্মুক্ত করে দিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০১ পিএম

রাজধানীর রমনা পার্ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। এতে ঐতিহ্যবাহী রমনা পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

আবেদনের বরাত দিয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ১৬১০ খ্রিষ্টাব্দ (মুঘল আমল) থেকে রমনা পার্ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত। কিন্তু করোনা মহামারি পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে পার্কে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে অফিস আদালত খুলে দেওয়া হলেও রমনা পার্ক এখনো উন্মুক্ত করা হয়নি। ফলে বিভিন্ন শ্রেণি পেশার স্বাস্থ্য সচেতন মানুষেরা প্রাত ভ্রমণ, ব্যায়াম করা, প্রাকৃতিক ও নির্মল পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, অসংখ্য ডায়াবেটিসের রোগী এখানে আসেন। কিন্তু চলাচল উন্মুক্ত না হওয়ায় অনেকের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এখানে কোনো জনসমাগম হয় না। কিন্তু তারপরও কেন এটি এখনো খুলে দেওয়া হচ্ছে না সেটি বোধগম্য নয়।

গত ৬ সেপ্টেম্বর রমনা পার্ক খুলে দিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান আইনজীবী ইউনুছ আলী আকন্দ। জবাব না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত