৪২ জনকে ডিঙিয়ে সিনিয়র জেল সুপার করায় আইজি প্রিজন্সকে চিঠি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম

সিনিয়রদের তালিকায় ৪২ জনকে ডিঙিয়ে নারায়ণগঞ্জের কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার দাশকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ঘটনায় কারা অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তারা কারা মহাপরিদর্শককে চিঠি দিয়ে বলেছেন, এতে অধিদপ্তরের চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়বে।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্টের পক্ষে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামানের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) ইকবাল কবির চৌধুরীকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) পদে বদলির কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, কারা অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপারের নিয়মিত পদে কেউ নেই। সবাই চলতি দায়িত্বে আছেন। এসব জটিলতার কারণেই অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার পদে দেওয়ার অর্থ হলো যেকোনো সময় তাকে সরিয়ে দেওয়া যাবে।

কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন বলেন, এটি কোনো পদোন্নতি নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জের কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার দাশকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে। এতে কাউকে বঞ্চিত করা হয়নি।

ক্ষুব্ধ হয়ে কারা অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তারা কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) চিঠি দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এতে কারা অধিদপ্তরের চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়ার কোনো সুযোগ নেই।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে উপমহাপরিদর্শক পদে কর্মরত ব্যক্তিরা কারাগারের দায়িত্ব পেতেন। স্বাধীনতার পর সিনিয়র জেল সুপার পদ তৈরি করা হয় এবং তাদের হাতে কেন্দ্রীয় কারাগারগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছাড়া হয়। ২০১৯ সালের ২ জুলাই কারা অধিদপ্তরের প্রথম শ্রেণির পদের সিনিয়রদের তালিকা চূড়ান্ত করা হয়। ওই তালিকায় চলতি দায়িত্বে নয়জন সিনিয়র জেল সুপার রয়েছেন।

কারা সূত্র জানায়, চিঠিগুলোয় লেখা হয়েছে- জেল সুপার পদে পাঁচ বছর চাকরি করার পর সিনিয়র জেল সুপার পদে পদোন্নতির বিধান আছে। কারা অধিদপ্তরে জেল সুপার পদে পাঁচ বছর সময় অতিক্রম করা বেশ কয়েকজন কর্মকর্তা আছেন। চার থেকে পাঁচ বছর ধরে জেল সুপার পদ থেকে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়া হয়নি। সিনিয়রের ভিত্তিতে কেবল চলতি দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার পদে পদায়ন করা হয়েছে।

কর্মকর্তারা আরও লিখেছেন, চলতি দায়িত্ব দেওয়ার সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকার পরও তা মানছে না কারা অধিদপ্তর। এতে কর্মকর্তাদের মনোবল ভেঙে হতাশার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কারা অধিদপ্তরের ৪৩ নম্বর জেল সুপারকে সিনিয়র জেল সুপার পদে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তার চেয়ে জ্যেষ্ঠ ৪২ জেল সুপারের মধ্যে বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বলছেন, এমনিতেই দীর্ঘদিন সিনিয়র জেল সুপারের চলতি দায়িত্বে থাকা জেল সুপাররা বঞ্চনার মধ্যে রয়েছেন। এর মধ্যে ৪২ জন কর্মকর্তাকে ডিঙিয়ে ৪৩ নম্বর কর্মকর্তাকে সিনিয়র জেল সুপারের পদে পদায়ন করা হলে কর্মকর্তাদের মধ্যে হতাশা ও বঞ্চনা বাড়বে এবং ‘চেইন অব কমান্ড’ দুর্বল হয়ে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত