ময়মনসিংহের কেওয়াটখালীতে বিদ্যুৎ সরবরাহের গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর থেকে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে ময়মনসিংহ জেলা বাদে বাকি তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। অবশ্য সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ জেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন দেশ রূপান্তরকে জানান, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার পর তাদের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে।
ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, গ্রিড সাব স্টেশনে আগুন লাগার পর বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ জেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
পিডিবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গ্রিড সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় পিজিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর মূল কারণ জানা যাবে।
