অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দুই ইউপি চেয়ারম্যান ছয় সদস্য বহিষ্কার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮ এএম

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন ফরহাদ, হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন ও একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন। এ ছাড়া একই অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারীসহ পাঁচ ইউপি সদস্যকেও সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান জানান, ১% ও এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্প গ্রহণে সরকারি বিধি অনুসরণ না করা, নিয়ম-বহির্ভূতভাবে কাজের জন্য অগ্রিম অর্থ উত্তোলন এবং ভুয়া বিল ভাউচার দাখিলসহ কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া গভীর নলকূপ বসানোর নামে অর্থ আদায়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগে ইউপি সদস্য কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, উপজেলার চারটি ইউনিয়নের পাঁচ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভুয়া বয়স্ক ভাতার কার্ডে অর্থ আত্মসাৎ, জন্মনিবন্ধন ও ঘরের তালিকা তৈরিতে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্ত করতে মাঠে নেমে তার সত্যতা পায় প্রশাসন। পরে স্থানীয় সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করলে (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ওই পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করার চিঠি হাতে আসে। বহিষ্কৃতরা হলেন ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাসলিমা লতা, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সরদার আলতাফ হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জব্বার, পিলজংগ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হারুন এবং একই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার দে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত