অস্ত্র আইনে পাপিয়া দম্পতির আত্মপক্ষ সমর্থন বুধবার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ এএম

অস্ত্র আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মঙ্গলবার তা শেষ হয়। এ নিয়ে গত ছয় কার্যদিবসে মোট ১৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো।

এদিন মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত  বুধবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছে।

গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার চার্জশিট জমা দেন। ১৮ আগস্ট একই আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। গত ২৩ আগস্ট আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেয়।

গত ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা ও দুটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়। পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত